টেকনাফে মাদক মামলার আসামী ছিনিয়ে নিতে হামলা ; নিহত-১, আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে খোরশেদ আলম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পুলিশের দাবী মাদক মামলার আসামীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালালে এ ঘটনা ঘটে। নিহত যুবক সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার হাজী গোলাম হোসেনের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মিঠাপানিরছড়া এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকা থেকে শামসুল আলম নামে ৭ মামলার পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় ফেরার পথে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ভাই খোরশেদ ও তার স্বজনরা। এসময় গুলিবিদ্ধ হয়ে খোরশেদ নিহত হয়। তবে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় শামসুল পুলিশের হাতে আটক রয়েছে।

ঘটনাস্থল থেকে খুরশেদকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

টেকনাফ সদর হাসপাতালের চিকিৎসক ইস্কান্দর মির্জা জানান,গুলিবিদ্ধ খুরশেদ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই নুরুল আলম জানান, রাতে শামশুকে রাজার ছড়া ফুটবল খেলার মাঠ থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে ফোনে সংবাদ আসে। ফোন পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় মিঠাপানির ছড়া মাদ্রাসার সামনে সিএনজিটি গতিরোধ করলে সিএনজির ভিতর থেকে গুলি ছুঁড়ে। এতে খুরশেদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে পাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।