টেকনাফে বিজিবি -বিজিপি পতাকা বৈঠক শুরু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি-৩০ অক্টোবর।

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কক্সবাজারে টেকনাফের শাহপরীরদ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠক শুরু হয়েছে

আজ রোববার সকাল ১০ টায় টেকনাফ উপজেলার নাফ নদীর শাহপরীরদ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির সোদান রেস্ট হাউজে পতাকা বৈঠকটি শুরু হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

এর আগে সকাল সাড়ে ৯ টায় টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাটে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল দুইটি স্পীড বোট যোগে পৌঁছে।

বিজিবি জানিয়েছে, গত প্রায় তিন মাস ধরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাত সংঘর্ষকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতংকে রয়েছেন। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠি পাঠানোও হয়েছিল।

এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বৈঠকে বসতে রাজী হয়। এ নিয়ে রোববার টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

লে. কর্ণেল শেখ খালিদ বলেন, সকাল সাড়ে ৯ টায় মিয়ানমারের বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফে পৌঁছে। পরে সকাল ১০ টায় শাহপরীরদ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির সোদান রেস্ট হাউজে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকটি শুরু হয়। এতে বিজিবির পক্ষে ব্যাটালিয়ন কমান্ডার লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। অপর দিকে বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল ইয়ে ওয়াই শো ৭ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দিচ্ছেন।

পতাকা বৈঠকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার তথ্য দিলেও অন্য বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।