সংবাদ বিজ্ঞপ্তি : বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, সাবরাং ইউপিস্থ মুন্ডার ডেইল এলাকায় অবস্থিত মোঃ সলিমের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় হবে। উক্ত সংবাদের প্রাপ্তির পর অদ্য ১১ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ০০২০ ঘটিকায় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার হাওলাদার শাহজাহানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকজন বেসামরিক ব্যক্তির উপস্থিতিতে উক্ত বাড়ি ঘেরাও পূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে। টহলদল বাড়ির ভেতর প্রবেশ পূর্বক তল্লাশী অভিযান শুরু করলে একপর্যায়ে বাড়ির মালিক মোঃ সলিম (২৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দলের সদস্যরা অক্লান্ত চেষ্টা করে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধৃত আসামীর বশত ঘরের ভেতর রক্ষিত একটি লোহার টুলবক্সের ভেতর অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২৯,৪৪,৫০০/- (উনত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৯,৮১৫ (নয় হাজার আটশত পনের) পিস মেটা এ্যামফিটামিনযুক্ত মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামীর নাম ও ঠিকানা। মোঃ সলিম (২৫), পিতা-মোঃ সুলতান আহম্মেদ, গ্রাম-মুন্ডার ডেইল, ডাকঘর-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
