জসিম উদ্দিন টিপু : টেকনাফে ১৪২৭ বাংলা সনের হাট-বাজার ইজারায় কৌশলে একটি সিন্ডিকেট সরকারী রাজস্বের ২০লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। এই ঘটনা তদন্ত স্বাপেক্ষে কারসাজির এই ইজারা বাতিলের দাবী উঠেছে।
জানা যায়, উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি চলতি বছরের ৯মার্চ ১১টি হাট-বাজার ইজারা প্রদানে দরপত্র আহবান করেন। এরই মধ্যে হ্নীলা বাজারের জন্য ২৯লক্ষ ৮৩হাজার ৩শ টাকার বিপরীতে দরপত্র জমা দেন ১৭জন। দরপত্র জমাদাতারা বিশেষ সিন্ডিকেট করে ৩০লক্ষ টাকা মূল্যে এই বাজারটির ডাক নেয়। এই সিন্ডিকেটটি হ্নীলায় এসে আন্ত: নিলাম ডাক দিয়ে ৫৭লক্ষ টাকায় স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্নআহবায়ক রশিদুল আলম চৌধুরী ইজারা নেন। এই সুযোগে উক্ত সিন্ডিকেট ২০লক্ষ টাকা সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নিজেরাই ভাগ-বাটোয়ারা করে নিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিন্ডিকেট সদস্য স্বীকার করেন।
হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ বলেন,লোকজন মারফতে বিষয়টি আমি অবগত হয়েছি।
এই বিষয়ে বর্তমান ইজারাদার জালাল উদ্দিন বলেন,উক্ত সিন্ডিকেট কৌশলে মাত্র ৩০লক্ষ টাকায় ইজারা নিয়ে পরবর্তীতে নিজেদের মধ্যে ৫৭লক্ষ টাকায় নিলাম দিয়ে ২০লক্ষ টাকা ভাগ-বাটোয়ারা করেছে। যা অতীতে কখনো ঘটেনি জানিয়ে তিনি কারসাজির ইজারা বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
নতুন ইজারাদারা রশিদুল আলম চৌধুরী জানান,আমরা ১৭জনে দরপত্র কিনেছিলাম ঠিক। ২০লক্ষ টাকা ভাগ-বাটোয়ারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বৈঠকে আমি ছিলাম না। ঐদিন আমি কক্সবাজারে ছিলাম তাই বেশী কিছু বলতে পারব না বলে মুঠোফোন কেটে দেন।
উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সিন্ডিকেট করে সরকারের এত টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভাগ-বাটোয়ারা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ###
