হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর আভিযানিক দল বসত-বাড়িতে অভিযান চালিয়ে মওজুদকৃত ৭২১ বোতল গ্র্যান্ড রয়েল ব্ল্যাক এবং ৩২৪ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়,১৮সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বসত-বাড়িতে মাদকদ্রব্য মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার নাইট্যংপাড়া এলাকার জনৈক হাবিব উল্লাহর বসত-ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে কৌশলে দৌড়ে পালানোর সময় ঘরের মালিক পুত্র জাহাঙ্গীর আলম (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে তার বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত পূর্বমুখী বসত-ঘরের ভিতর বিদেশী মদের বোতল এবং বিয়ার মজুদের কথা স্বীকার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বসত-ঘর তল্লাশী করে খাটের নীচে ও বিভিন্ন স্থানে থাকা প্লাষ্টিকের বস্তার ভেতর হতে ৭শ ২১বোতল গ্র্যান্ড রয়েল ব্ল্যাক বিদেশী মদের বোতল এবং ৩শ ২৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারসহ ধৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
