নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে বনভূমি দখল করে অবৈধভাবে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের একটি প্রক্রিয়া নস্যাৎ করে দিলেন বনবিভাগ।
জানা যায়, টেকনাফের ন্যাচার পার্ক সংলগ্ন দমদমিয়া এলাকায় বনভূমি দখল করে একটি মহল নতুন করে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের পায়তারা চালায়।
খবর পেয়ে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে অবহিত করেন এবং উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেটি উচ্ছেদ করে দেয়।
নতুন করে অবৈধ এ রোহিঙ্গা ক্যাম্প স্থাপন নস্যাৎ করে দেয়ায় বন ও পরিবেশ রক্ষার কর্মীসহ স্থানীয়রা রেঞ্জ কর্মকর্তাকে সাধুবাদ জানান।
এদিকে এ ঘটনার পর প্রভাবশালী মহলটি রেঞ্জ কর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দেয় বলে জানিয়েছেন সৈয়দ আশিক আহমদ।
এ ঘটনায় তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের খবর মিয়ানমারে পৌঁছলে সেখানকার রোহিঙ্গারা নতুন করে এপারে চলে আসতে উৎসাহিত হতে পারে।
উক্ত মহলটি সেধরনের একটি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখাও উচিত বলে মনে করেন সচেতন মহল।
এছাড়া সংরক্ষিত গভীর বনের পাশে রোহিঙ্গা ক্যাম্প স্থাপন উগ্র রোহিঙ্গাদের কোন যোগসাজস রয়েছে কিনা তাও ভাবনার বিষয় বলে মনে করছেন তারা।
এব্যাপারে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে রোহিঙ্গাদের জন্য বনভূমি যা দেয়া হয়েছে এর বাইরে নতুন করে এক ইঞ্চি বনভূমিও যাতে নষ্ট করতে দেয়া না হয়। আমি যতক্ষণ টেকনাফ রেঞ্জ এর দায়িত্বে আছি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যাব। কোন ধরনের হুমকির মুখে অমি মাথা নত করব না।”
