সাদ্দাম হোসাইন : টেকনাফের বাহারছড়ায় ঝড়ো বৃষ্টি আর বজ্রপাতে দুইজন মৃত্যুবরণ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ মে সকাল ১১টারদিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে প্রবল ঝড়ো বাতাস আর বজ্রপাত শুরু হয়। এমতাবস্থায় হাজম পাড়ার সোনা আলীর পুত্র রহমত উল্লাহ (৩৫) পানের বরজে কর্মরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে সাগর পাড়ে যাওয়া বাইন্যা পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ২য় পুত্র হেলাল উদ্দিন (২২) ওরফে (ধলু) বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুবরণ করে।
এই দূঘর্টনার খবর পেয়ে বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, পিআইও সুবীর কুমার দত্ত, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসের খোকনসহ একটি প্রতিনিধি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২৫ হাজার টাকা করে দুই পরিবারে নগদ মোট ৫০ হাজার টাকা এবং খাবার সহায়তা প্রদান করেন। ###
