টেকনাফে পানের বরজে মিলল ৩৬ কোটি টাকার ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার সকাল ১০টার দিকে সাবরাং ইউনিয়নের উপকূলীয় কচুবনিয়া গ্রামের একটি পানের বরজের পাশ থেকে ইয়াবার এ চালানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীদের কাউকে পাওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার হয়ে আসার গোপন সংবাদে ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদের নেতৃত্বে খুরের মুখ চেক পোষ্টের জওয়ানরা সকাল থেকে কচুবনিয়া গ্রামে তল্লাশী চালাতে থাকে। একপর্যায়ে সকাল ১০ টার দিকে কচুবনিয়া সরকারী প্রাইমারী স্কুলের পাশে একটি পানের বরজের পাশে ৪টি বস্তায় লুকিয়ে রাখা ইয়াবা গুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিজিবি জানিয়েছে, এটি বিজিবি কর্তৃক এ যাবৎ উদ্ধারকৃত সবচেয়ে বড় ইয়াবার চালান।