টেকনাফে দুই হাতের ক*ব্জি কে*টে নিয়ে উল্লাস প্রতিপক্ষের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারে টেকনাফে পূর্ব শত্রুতার জের জের ধরে সিদ্দিক আহম্মদ (৫৫) নামের এক ব্যক্তির দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ।

২৬ নভেম্বর দুপুরে টেকনাফের সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক, চাদ মিয়া, সাহাব উদ্দিন সাবু সহ একদল ইয়াবাকারবারী দা, লম্বা কিরিচসহ অস্ত্র-শস্ত্র নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এসময় তার দুই হাতের কব্জি কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরে মাঠে কর্তন করা হাত দুটি নিয়ে উল্লাস করে ইয়াবাকারবারীরা। এসময় গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

এ বিষয়ে টেকনাফ জরুরী বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, ‘রক্তাক্ত দুই হাতের কব্জির বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।’

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।`
তিনি আরও জানান, হামলাকারীরা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক আত্মসমর্পণকারী ইয়াবা কারবারি।

অভিযোগ অস্বীকার করে নাজির পাড়ার ইউপি সদস্য এনামুল হক বলেন, ‘ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। ২০১৫ সালে তারা আমার এক ভাইকে কুপিয়ে হত্যা করে। সামনে সেই মামলায় রায় হবে। তাই আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছে।’

এলাকাবাসী জানিয়েছে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো দীঘদিন ধরে।