বিশেষ প্রতিবেদক : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে আইস এবং ইয়াবা বোঝাই কাঠের নৌকাসহ দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২রা মে (সোমবার) রাতের প্রথম প্রহরের দিকে মিয়œমার হতে মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল হোয়াইক্যং ঝিমংখালী বিওপির আওতাধীন নাফনদী সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। দীর্ঘক্ষণ পর ৩জন ব্যক্তি একটি ১টি কাঠের নৌকা নিয়ে শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে সামনে এগুতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন নাফনদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায়। পূর্ব থেকে সজাগ রাখা স্পীডবোট নিয়ে ঘেরাও করে ১টি কাঠের নৌকাসহ উখিয়া উপজেলার বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-কে/২ এর বাসিন্দা মৃত আলী মিয়ার পুত্র মোঃ নুর কবির (৩০) এবং ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জে/৩ এর বাসিন্দা মোঃ নুরুজ্জামানের পুত্র মোঃ রহিম উল্লাহ (২০) কে গ্রেফতার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতন হতে ১০ কোটি ৬৫লক্ষ ৭০হাজার টাকা মূল্যমানের ২ কেজি ৭১ গ্রাম আইস এবং ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত আইস ও ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
