হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা প্রধান সড়কে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা বোঝাই প্রাইভেট কার নিয়ে দুই রোহিঙ্গাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৪ জানুয়ারি দুপুর ১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কতিপয় মাদক কারবারী ১টি প্রাইভেট কারযোগে জাদিমুড়া এলাকা হতে হ্নীলা বাজারের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জাদিমুড়ার নয়াপাড়ার কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এর পশ্চিম পার্শ্বে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথায় কালুর ভাত ঘর দোকানের সামনে রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে জাদিমুড়ার দিক হতে ছেড়ে আসা সাদা বর্ণের প্রাইভেট কার ((যার রেজিঃ নং-চট্টমেট্রো-গ-১২-৩৬২৭) তল্লাশীর জন্য সংকেত দেয়। প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাড়ী থামিয়ে দৌড়ে কৌশলে পালানোর চেষ্টাকালে উখিয়া উপজেলার বালুখালী-১ এর ৯নং ক্যাম্পের ব্লক-জি/১ এর বাসিন্দা মৃত অলি আহমদের পুত্র মোহাম্মদ নূর (২৮), ২৬নং ক্যাম্পের ব্লক-এইচ/৮ এর বাসিন্দা নজির আহমদের পুত্র মোহাম্মদ ইছহাক (২০) এবং টেকনাফ সদর ইউপির দক্ষিণ ডেইল পাড়ার মোঃ ইসলামের পুত্র মোঃ জাহেদ উল্লাহ (৩৮) কে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানোমতে প্রাইভেট কারের পিছনের সিটের পিছনের অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১লাখ পিস ইয়াবা, ১টি প্রাইভেটকার, ১টি চাবি, ৩টি এন্ড্রয়েড মোবাইল, ৬টি সীম কার্ড ও নগদ ৪হাজার ৫শ টাকা জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবী,জাদিমোড়ার জাদির তলাটি নাফনদী সংলগ্ন এবং স্থানীয় কতিপয় বাসিন্দাদের মাদক সম্পৃক্ততার কারণে মাদক চোরাচালান কমছেনা। ###
