টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২১তম আন্ত: উপজেলা বৃত্তি পরীক্ষা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আন্ত:উপজেলা জি.এইচ.এফ বৃত্তি পরীক্ষা ২০১৯ইং শুরু হয়। উক্ত পরীক্ষায় উপজেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল পর্যায়ে ৪র্থ শ্রেণীতে ১৭৯জনের মধ্যে ১৬৩জন, মাদ্রাসা পর্যায়ে ১১৩জনের মধ্যে ১০৮জন, ৭ম শ্রেণীতে স্কুল পর্যায়ে ১০৯জনের মধ্যে ১০৬জন এবং মাদ্রাসা পর্যায়ে ৫৩জনের মধ্যে ৪৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ-গ্রহণ করেন। মোট ৪শ ৫৪জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৩০জন পরীক্ষার্থী। দুপুরে পরীক্ষা গ্রহণ শেষে অংশ-গ্রহণকারী পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন চলছে। ফলাফল প্রকাশ করতে গভীর রাত হতে পারে। উক্ত পরীক্ষায় হল সুপার হিসেবে মাও: এসএম সাইফুল্লাহ এবং কেন্দ্র সচিব হিসেবে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুস সালাম দায়িত্ব পালন করেন। এতে হল পরিদর্শক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন সভাপতি সফিক আহমদ বি.কম,হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটি সভাপতি মাহবুব মোরশেদ, ফাউন্ডেশন পরিচালনা পরিষদ সদস্য মাও: ফরিদ আহমদ, কায়সার উদ্দিন আহমদ, মাস্টার শাহ আলম, মৌলভী শাকের আহমদ, মমতাজুল ইসলাম মনু, ডাঃ আবু বক্কর আল মামুন, জালাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার একমাত্র ব্যতিক্রমধর্মী দাতব্য চিকিৎসালয় ১৯৯৮সালে প্রতিষ্ঠার পর হতে টেকনাফের প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং এলাকার গরীব-দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা লাভের সুযোগ সৃষ্টিতে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষিত যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করে প্রশিক্ষণ কার্য্যক্রম এগিয়ে চলছে।
