ফরিদুল আলম : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে আইস,ইয়াবা ও কারেন্ট জাল বোঝাই কাঠের নৌকা জব্দ করেছে।
১১ এপ্রিল রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপির পৃথক ২টি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির উত্তর-পূর্ব দিকে ন্যাচারী পার্ক (ডবল জোড়া) এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি একটি কাঠের নৌকায় সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে আসতে দেখে। তখন টহলদল নৌকাটিকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিরা নৌকা হতে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে জালের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত ১কেজি ৬৯গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১০হাজার পিস ইয়াবা, ২০ কেজি কারেন্ট জাল এবং চোরাচালাই পণ্য বহনের দায়ে নৌকাটিও জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, উদ্ধারকৃত মালিকবিহীন কারেন্ট জাল এবং কাঠের নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আইস ও ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে। ###
