টেকনাফের সাবরাংয়ে স্কুল ছাত্র মিজানসহ জোড়া খুনের প্রধান আসামী রফিক রিমান্ডে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামসু উদ্দীন, টেকনাফ :
টেকনাফের সাবরাংয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মিজানসহ জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মো: রফিক (২৬)কে রিমান্ড মন্জুর করেছে আদালত। জানা গেছে গত রবিবার আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক নুরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামী রফিকের ৭দিনের রিমান্ড চাওলা হলেও আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করলে একই দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ থানায় আনা হয়েছে বলে জানান তিনি।
তার কাছ থেকে জোড়া খুনের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত ০১ নভেম্বর টেকনাফের সাবরাং হারিয়াখালী সৈকত এলাকা হতে মো. হেলাল (১৮) ও মিজান (১৫) নামের দুই কিশোরের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়।

মিজান চকরিয়া কোরক বিদ্যাপিটে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল। সে হোস্টেলে থেকে পড়ালেখা করতো। বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতে গিয়ে খালাত ভাই হেলালের হত্যাকান্ড দেখে ফেলায় তাকেও হত্যার শিকার হতে হয় বলে ধারনা করছেন স্বজনরা।

মিজানের মাতা মামলার বাদী রশিদা জানান, হত্যাকান্ডের দিন রফিক মুঠোফোনে হেলালকে ডেকে নিয়ে যায়। এসময় মিজানও হেলালের সাথে ছিল। একপর্যায়ে রফিক সহ অন্যান্য আসামীরা হেলালকে যখন হত্যার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তখন মিজান তার বোনকে ফোন করে বিপদের কথা বলে। পরে মিজান ও হেলালের লাশ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বেড়ীবাঁধের পাশে সৈকত থেকে উদ্ধার করে পুলিশ।

ঘটনার ৩দিন পর ৩ নভেম্বর নিহত স্কুল ছাত্র মিজানের মাতা রশিদা বেগম বাদী হয়ে ৬জন নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছে কচুবনিয়ার ওসমান গণির পুত্র মো: ইসমাঈল (৩৫), মো: জোবায়ের (৩০)। মো: ফারুক (১৯) একই এলাকার নুরুল হকের পুত্র মুজিব উল্লাহ (২৫) ও কাটাবনিয়ার আলি আহমদের পুত্র মো: রুবেল (২৩)।

মামলা নং-১৯(৬৫৮)। পুলিশ মামলার প্রধান আসামী কচুবনিয়া এলাকার ওসমান গনির পুত্র মো. রফিককে ঘটনার দুইদিন পর কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, গত ০১ নভেম্বর সকালে হারিয়াখালী সৈকত এলাকা হতে ১১ঘন্টার ব্যবধানে হেলাল ও মিজান নামে দুই খালাত ভাইয়ের লাশ উদ্ধার করেছিল পুলিশ। আগের দিন রাত থেকে তারা নিখোঁজ হয়ে যায়।

মিজানের পিতা জানিয়েছিলেন স্থানীয় ওসমান গনির পুত্র রফিকের স্ত্রী হেলালের টমটমে বাপের বাড়ি পালিয়ে যাওয়ার ঘটনায় হেলালকে হুমকি ধামকি দিয়েছিল রফিক ও তার ভাইয়েরা। সেই ঘটনার সূত্র ধরে হত্যা কান্ড সংঘঠিত হয়েছে বলে জানান তিনি।

পরবর্তীতে বাদীর দায়ের করা মামলায় সেই রফিককে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রধান আসামী রফিক ও ৬ নং আসামী রুবেলকে আটক করে পুলিশ।

এদিকে মামলার ৬নং আসামী রুবেল উচ্চ আদালত হতে জামিনে বেরিয়ে এসে এলাকায় বিচরণ করছে এবং বাদীর পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মামলার বাদী রশিদা বেগম। তিনি জানান রুবেল ও তার ভাইয়েরা হত্যার শিকার দুই পরিবারের আরো দুইজনকে হত্যা করবে বলে ইতিমধ্যে হুমকি দিয়েছে। এনিয়ে আতংকে রয়েছেন বলে জানান তিনি।

IMG 3086 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

নিহত স্কুল ছাত্র মিজান ও খালাতো ভাই হেলালের ফাইল ছবি