টেকনাফ টুডে ডেস্ক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, টেকনাফের কৃতি সন্তান নজির আহমেদকে নিজ জন্মভূমি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গণ সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ই অক্টোবর মঙ্গলবার সকালে নয়াপাড়া আলহাজ নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ এই গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য আবুল কালাম ও টেকনাফ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সন্তোষ বড়ুয়া এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
এরপর বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করেন। প্রখর রোদের তাপ উপেক্ষা করে নজির আহমেদের বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন এলাকাবাসী।

এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত, নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমেদ,সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা, কক্সবাজার সমবায় সহকারী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক মেম্বার সোলতান আহমেদ, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।
প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে যুগ্ম সচিব নজির আহমেদ বলেন, “নিজ নিজ অবস্থান থেকে যার যার সাধ্যমতো মানুষের উপকারে এগিয়ে আসুন;উপকার করার মাঝে একধরনের আত্মতৃপ্তি রয়েছে”।
বক্তব্য শেষে সাবরাং দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মোনাজাত করে নজির আহমেদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সম্পন্ন হয়।

