নুরুল করিম রাসেল, টেকনাফ |
টেকনাফের সকল বাস কাউন্টার গুলোকে বাস টার্মিনালে স্থানান্তরের জন্য চিটি দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এতে টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা সড়কে চলাচলকারী স্পেশাল সার্ভিস, স্পেশাল মালিক গ্রুপ, শ্যামলী, হানিফ, শাহ আমিন, তিশা, মর্ডান, সেন্টমার্টিন, টুবা লাইন, হাইয়েচ, সহ সকল স্বল-দুরপাল্লার যানবাহন, আভ্যন্তরিন সড়কে চলাচলকারী সিএনজি, টমটম সহ সকল যানবাহনকে আগামী ১৪ এপ্রিল হতে বাস টার্মিনালে কাউন্টার সরিয়ে নিতে বলা হয়েছে। গত সোমবার টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম যানবাহন কাউন্টার ও পরিবহন সমিতি গুলোকে উক্ত চিটি প্রদান করেন। এছাড়া উক্ত চিটির অনুলিপি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, অফিসার ইনচার্জ টেকনাফ মডেল থানা ও সকল কাউন্সিলর বরাবরে প্রেরন করা হয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বলেন, পৌরসভার যানজট দুরীকরনে ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পূর্ব ঘোষনা অনুযায়ী আগামী এপ্রিল মাস থেকে বাস কাউন্টার গুলোকে বাস টার্মিনালে সরিয়ে নেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় বাস টার্মিনালটি ইতিমধ্যে পৌরসভার তত্বাবধানে নিয়ে আসার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। সেখানে নতুন করে বাস কাউন্টার ও শৌচাগার নির্মাণ কাজ এগিয়ে চলছে। আগামী ১৪ এপ্রিল ১লা বৈশাখ থেকে বাস টার্মিনালটি নতুন করে উদ্বোধনের মধ্য দিয়ে পৌরসভাকে যানজট মুক্ত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
এদিকে পৌর মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরসভার সচেতন নাগরিকরা।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে টেকনাফ বাস স্টেশনের যানজটের কারণে পৌরবাসী সহ দুরদুরান্ত থেকে আগত পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।
