টেকনাফে মাদক প্রতিরোধ র্যালী ও সমাবেশে বক্তারা
নুরুল করিম রাসেল :
টেকনাফে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উদ্যোগে মাদক, দূর্নীতি, অর্থ ও মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা টেকনাফকে মাদকমুক্ত করতে নুরুল আলম চেয়ারম্যানের নেতৃত্বে সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বক্তারা আরো বলেন, চলমান মাদকবিরুধী অভিযানকে সফল করতে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পনে উদ্ধুদ্ধ করতে সকলকে কাজ করতে হবে। তবেই মাদক নিয়ে টেকনাফের যে কলংক তা ঘুচানো সম্ভব হবে।
এছাড়া সভায় কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের মাদক বিরুধী সাহসী অভিযানের ভুয়সী প্রশংসা করেন বক্তারা।
পাশাপাশি কোন নিরীহ লোক যাতে বন্দুকযুদ্ধ কিংবা মামলার মাধ্যমে হয়রানীর শিকার না হন সেব্যাপারেও সর্তক থাকার আহবান জানান বক্তারা।
এছাড়া সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের বয়কট করার আহবান জানিয়ে বক্তারা বলেন, এখন টেকনাফে প্রায় ৭০ ভাগ মাদক নির্মুল হয়েছে। সকলে ঐক্যবদ্বভাবে কাজ করলে বাকি ৩০ ভাগ মাদক নির্মুল করা সম্ভব হবে।
বক্তারা এও বলেন দিনে মাদকবিরুধী কথা বলে রাতে যেন আবার তাদের সাথে ভাগ বাটোয়ারায় লিপ্ত না হয়।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উদ্যোগে ১১ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় পুরাতন বাস স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইউনুচ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি নুরুল হুদা, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ পৌর মেয়র মো. ইসলাম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফেরদৌস আহমদ, কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাও. কামাল হোসেন, জমিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. ফরিদুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার পরিচালনায় সমাবেশে যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্থরের জনসাধারন অংশগ্রহন করেন। সমাবেশের পূর্বে প্রতিরোধ র্যালীটি টেকনাফের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে মিলিত হয়।
