এম.জিয়াবুল হক : চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর খাজা রোডস্থ এনএমসি স্কুলে কোভিড’১৯ কারণে জীবিকা হারানো কর্মহীন গরীব অসহায় ও হতদরিদ্র তিনশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ১১ জুলাই অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার প্রধান উপদেষ্টা, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জামাল খাঁন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ছাত্রনেতা ফয়সাল বাপ্পি প্রমুখ।
সংগঠনের নেতা এনাম চৌধুরী, মুজিবুদ্দৌলা,শামসুল আলম চৌধুরীসহ অনেকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে কোভিড’১৯ কারণে জীবিকা হারানো তিনশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, করোনা দুর্দিনে জীবিকা হারানো মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। পাশাপাশি ধনী গরীব সবাইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে প্রথমে সচেতন হতে হবে। পাশাপাশি মনোবল শক্ত রাখা রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্ববাসী আজ কঠিন সময় পার করছে। এই কঠিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক সিন্ধান্ত ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখনো আমেরিকা ইউরোপের চেয়ে অনেকাংশে ভালো আছে। তিনি পরিশেষে মানুষের পাশে থাকার জন্য আয়োজক সংগঠনকে বিশেষ ধন্যবাদ জানান।##
