জালিয়াপাড়ার সেই ইয়াবা জুবায়ের বিমানবন্দরে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মো. জুবায়ের (৩৬) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।

আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে অভিযান চালিয়ে জুবায়েরকে আটক করে আর্মড পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পায়ুপথ থেকে ১৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা হবে।

আর্মড পুলিশ আরও জানায়, নভোএয়ারের ফ্লাইট নম্বর ভিকিউ ৯৩৮ যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে জুবায়ের। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়ার রফিক ওরফে পুতুইন্যার ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, আটক জুবায়েরের বিরুদ্ধে আগের চারটি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সূত্র : বাংলানিউজ