জার্মান কাপে ব্রেমার এসভিকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ৮ম মিনিট থেকে তাণ্ডব শুরু, চললো ৮৮তম মিনিট পর্যন্ত। গোটা খেলায় নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে জার্মান কাপের ম্যাচে গোল উৎসব করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ব্রেমার এসভিকে ১২-০ গোলে হেসেখেলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
অতিমানবীয় পারফরম্যান্স বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের জন্য নতুন নয়। বছর খানেক আগেও এফসি শালকের বিপক্ষে এক ম্যাচে ৮ গোল দিয়েছিল বায়ার্ন। বাভারিয়ানদের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৯টি গোল ছিল। ২০১৩ সালে, হামবুর্গের বিপক্ষে। এবার সব ছাপিয়ে নতুন ইতিহাস গড়লো জুলিয়ান নাগেলসম্যানের দল।
এই ম্যাচে ছিলেন না রবার্ট লেভানদোভস্কি ও ম্যানুয়েল নয়্যারের মতো তারকা খেলোয়াড়রা।

প্রথমার্ধে ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে ৭টি গোল দেয় বায়ার্ন মিউনিখ। এরিক ম্যাক্সিম চুপো মোটিং একাই ৪টি গোল করেন। দুটি গোল করেন জামাল মুুসিয়ালা। একটি করে গোল করেন মালিক তিলম্যান, লেরয় সানে, মাইকেল কিউসেন্স, বুনা সার, কোরেন্তিন তোলিসো। অপর গোলটি আত্মঘাতী।
অনুমিতভাবেই গোটা ম্যাচে আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। ৬৮ শতাংশ বল দখলে রেখে তারা গোলের উদ্দেশ্যে মোট ৩৭টি শট নেয়। লক্ষ্যে ছিল ২১টি। অপরপক্ষে ৩২ শতাংশ বল দখলে রেখে ৭টি শটের ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় ব্রেভার।
বুন্দেসলিগায় গত মৌসুমজুড়ে মাত্র ৩টি গোল করেছিলেন চুপো মোটিং। এবার এক ম্যাচেই গত মৌসুমের পারফরম্যান্স ছাড়িয়ে গেলেন ক্যামেরুনের এই স্ট্রাইকার। অষ্টম মিনিটে গোল উৎসবের শুরুটাও করেছেন তিনি।
৮ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করেন জামাল মুসিয়ালা। এরপর ব্রেভারের ভুলেই ৩-০ গোলের লিড পায় বায়ার্ন। এসময় আত্মঘাতী গোলটি করেন দলটির তরুণ ডিফেন্ডার ইয়ান লুকা ওয়ার্ম। ২৮ এবং ৩৫তম মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন চুপো মোটিং। ৫-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় বাভারিয়ানরা। ৪৭, ৪৮, আর ৬৩ মিনিটে গোল হলো তিনটে। লক্ষ্যভেদ করলেন মালিক তিলমান, জামাল মুসিয়ালা, আর লেরয় সানে।
এরপর থেকে আশি মিনিট পর্যন্ত বায়ার্ন মিউনিখকে আটকে রাখার চেষ্টা করে স্বাগতিক ব্রেভার। তবে শেষ দশ মিনিটে আরও একবার তাণ্ডব চালায় বায়ার্ন। প্রতিপক্ষের জালে বল পাঠায় আরও ৪টি। কিউসেন্স, চুপো মোটিং, বোনা সার আর কোরেন্তিন তোলিসোর গোলে এক ডজন গোল নিয়েই মাঠ ছাড়ে গেলবারের চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ নির্ধারণ হচ্ছে আজ রাতে। গেলবারের লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন এবার গ্রুপেই পেয়ে যেতে পারে বার্সেলোনা, পিএসজি, কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডদের কাউকে। তার আগে এমন জয়ে নিশ্চিতভাবেই ইউরোপেও বায়ার্নের বার্তা চলে গেছে, ‘আমরা আসছি’। এ বার্তা ভয়ঙ্কর বায়ার্নের, প্রতিপক্ষের জন্য শঙ্কার বৈকি!