দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
ডেস্ক নিউজ :
লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মো. ইসমাঈল নামের ২১ বছর বয়সী এক বাইক আরোহী নিহত হয়েছেন। এতে মো. হোছাইন নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাঈল লামা উপজেলার আজিজনগর মিশন পাড়ার মো. ইব্রাহিমের ছেলে ও আহত হোছাইন কবির আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। তবে বাসটি আটকের চেষ্টা চলছে।’
প্রত্যক্ষদর্শী নুরুল আলম রাজা জানান, ঘটনাস্থলে চট্টগ্রাম শহরমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহীকে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইসমাইল নিহত ও হোছাইন আহত হন। তারা আজিনগর থেকে মোটরসাইকেল যোগে চুনতি সীরাত মাহফিলে যাচ্ছিলেন। স্থানীয়রা আহত হোছাইনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
