টেকনাফ টুডে ডেস্ক : চিরকুট লিখে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আজ সোমবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নং কক্ষ থেকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
ওই শিক্ষার্থীর নাম অনিক চাকমা। সে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার সদর উপজেলায়।
আত্মহত্যার জন্য কাউকে দায়ী না করে চিরকুটে তিনি লিখেন, ‘আমি দীর্ঘদিন ধরে ডিপ্রেসড, বিভিন্ন অপরাধে যুক্ত ছিলাম আবার কারও কাছে মিথ্যাও বলতে পারতাম না। নিজেকে অপরাধী মনে হয়। সবাই আমাকে ক্ষমা করে দিবেন।’
তার সহপাঠীরা জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সে সবার সাথে কথা বলেছে। সকালে দশটা পর্যন্ত সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
পরবর্তীতে প্রক্টর অফিসে খবর দিলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বিশ্বিবদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে শেষ রাতের দিকে সে মারা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ভিতর থেকে দরজা, জানালা বন্ধ ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
