টেকনাফ টুডে ডেস্ক : নগরের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ৫ হাজার ৬৩২ পিস ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস।
মো. সাদ্দাম হোসেন কক্সবাজার জেলার টেকনাফ লেঙ্গুর বিল এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
অলক বিশ্বাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে ফিরিঙ্গিবাজার পুরাতন ব্রিজঘাট সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অফিসের পূর্বপাশের রাস্তার ওপর অভিযান চালিয়ে একটি ট্রাকসহ (ঢাকা মেট্রো-ড-১১-৭১২৫) মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গাড়ির চেসিসের ভেতর বিশেষ কায়দায় বক্স করে লুকানো ছিল ইয়াবাগুলো।
এ সময় কাউছার, মকবুল ও করিম নামে তিনজন পালিয়ে যায় বলে জানান তিনি।
