অনলাইন ডেস্ক |
লক্ষ্মীপুরের রায়পুরে শাহজাহান (৩৫) নামের এক বখাটে চতুর্থ শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে (১০) ধর্ষণ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উত্তর কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে উত্তর কেরোয়া খালপাড় পাটোয়ারী বাড়ির আলী আজ্জমের ছেলে শাহজাহান ওই ছাত্রীকে চকোলেটের লোভ দেখিয়ে নিজঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাওয়াজ বিন ইউসুফ জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
রায়পুর থানার ডিউটি অফিসার এসআই আমির হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তারপরও খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সূত্র যুগান্তর
