এম,জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের অদুরে রিংভং নতুন মসজিদ এলাকা থেকে মোহাম্মদ লোকমান (৩০) নামের এক শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত লোকমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমার পাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তাঁর শ্বাশুড় বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মালুমঘাটের ডুমখালী গ্রামে। তিনি চট্টগ্রামে একটি ট্রান্সপোর্টে মালামাল উঠানামার কাজ করতো।
স্থানীয় এলাকাবাসি জানিয়েছে, গতকাল ভোরে গুলির শব্দ শুনে তারা। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে কয়েকজন মুসল্লী সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে। ওইসময় একটি সাদা রঙের মাইক্রোবাস মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যাচ্ছিল বলেও জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
পরবর্তীতে এলাকাবাসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দেখে সনাক্ত করেন এটি লোকমানের লাশ। নিহত লোকমান কিছুদিন আগে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের ডুমখালী গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহতের স্ত্রী রিফা আক্তার (২১) স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, তার স্বামী মোহাম্মদ লোকমান চট্টগ্রাম বন্দরে একটি ট্রান্সপোর্টের অধীনে মালামাল উঠানামার শ্রমিকের কাজ করতো। বেতনের টাকা তোলার উদ্দেশ্যে গতকাল সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের সময় চট্টগ্রামের যাওয়ার জন শ্বশুর বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর মহাসড়কের পাশে তার গুলিবিদ্ধ লাশের খবর দিয়েছে স্থানীয় লোকজন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী শেষে ময়না তদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।##
