চকরিয়ায় শারদীয় দুর্গোৎসবের সভায় এমপি জাফর ; এই দেশে সকল ধর্মের ও মতের মানুষের মধ্যে মেলবন্ধন দৃঢ় হয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা শাখা বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভায় তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বের কাছে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্রের রোল মডেল। তাঁর সফল নেতৃত্বে এই দেশে সকল ধর্মের ও মতের মানুষের মধ্যে মেলবন্ধন দৃঢ় হয়েছে। এইধারা সবাইকে অব্যাহত রাখতে হবে।
তবে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতচক্র শান্তির এই দেশে মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা লাগানোর চেষ্টা করে আসছে। অবশ্য সেই অপচেষ্টা কঠোরভাবে দমনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার পাশাপাশি এই দেশে সকল সম্প্রদায়ের-মতের মানুষের বসবাসের যোগ্য করে তুলেছেন।
সংসদ সদস্য জাফর আলম আরো বলেন, অসাম্প্রদায়িকতার সেই মডেল বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্যের ধারক শারদীয় দুর্গোৎসব প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে উদযাপিত হবে। এজন্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটা মণ্ডপের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।
এমপি জাফর আলম বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে প্রতিটা মণ্ডপে যাতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয় সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বিষয়টি মাথায় রেখেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ।
চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ব্যাংকার সুদাম কান্তি দাশ, হারাধন দাশ প্রমূখ। প্রস্তুতি সভায় উপজেলার প্রতিমা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।##