এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় আধুনিকমানের শহীদ মিনার নির্মাণে পৌরসভার পক্ষ থেকে পাঁচলাখ টাকা বরাদ্দে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল রোববার সকাল থেকে প্রকল্পের উন্নয়ন কাজের শুরু করা হয়েছে। চকরিয়া বিমানবন্দরস্থ সেনা ক্যাম্পের পাশে অবস্থিত শহীদ মিনারটিকে ঢেলে সাজাতে পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের, পৌরসভার প্রকৌশলী মুজিবুর রহমান, সহকারি প্রকৌশলী মৃনাল ধর, পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব।
উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা জানে আলম, রাজীব চৌধুরী,আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর, ডা.আসাদুল ইসলাম, মেয়রের সহকারি এসএম সায়েম, ছাত্রলীগ নেতা শেফায়েত হোসেন ওয়ারেসী প্রমুখ।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া বিমানবন্দরস্থ সেনা ক্যাম্পের পাশে অবস্থিত শহীদ মিনারটি উপজেলা সদরের প্রধান শহীদ মিনার। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের চেতনাধারী নানা শ্রেণীর সংগঠন ও সর্বস্তরের জনগন প্রতিবছর বিশেষ দিবস গুলোতে অংশ নেন। পৌরসভার অধীনে রক্ষনা-বেক্ষন করা হলেও নানা কারনে শহীদ মিনারটির সৌর্ন্দয্য মলিন হয়ে গেছে। তিনি বলেন, এ অবস্থার প্রেক্ষিতে বিজয়ের মাসে পৌরসভার পক্ষ থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দে শহীদ মিনারটির আধুনিকায়ন ও সৌর্ন্দয্য বর্ধণে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় শহীদ মিনারের বিভিন্ন অংশে বসানো হচ্ছে টাইলস। পাশে তৈরী করা হবে একটি বাউন্ডারী ওয়াল। আশাকরি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই টাইলস বসানো কাজ শেষ হবে। অবশিষ্ট উন্নয়ন কাজ চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, শহীদ মিনার হচ্ছে বাঙ্গালী জাতির চেতনার অন্যতম একটি স্মৃতিস্তম্ব। মুক্তিযুদ্ধের অনন্য দলিল ও ইতিহাস। স্বাধীনতার পর থেকে বাংলার ১৬ কোটি মানুষ জাতীয় দিবস গুলোতে শহীদ মিনারে উপস্থিত হয়ে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের চেতনাধারী ধর্ম-বর্ণের মানুষ শহীদ মিনারকে এখনো শ্রদ্ধাভরে স্বরণ করে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার দেশের সুর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ও সকল বীর শহীদের প্রতি অকুণ্ঠ চিত্রে শ্রদ্ধা জানাতে বদ্ধপরিকর। কারণ আওয়ামীলীগ হচ্ছে স্বাধীনতার স্ব-পক্ষের একটি প্রাচীনতম রাজনৈতিক দল। এই সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের কল্যান ও শহীদ মিনারসহ সকল স্মৃতিস্তম্ব সংস্কার এবং আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। সরকারের ভিশন বাস্তবায়নে চকরিয়া পৌরসভার পক্ষ থেকে এই ধরণের একটি মহতি কাজের উদ্যোগ নেয়ায় পৌরসভার মেয়রসহ সকলকে ধন্যবাদ জানাই। #
