নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে মরিচক্ষেতের জমি দখলে নিতে হামলা চালিয়ে এবার দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। এমনকি দখলচেষ্ঠায় বাঁধা দিতে গেলে উল্টো জমি মালিক ও ওয়ারিশপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছেন ভাড়াটে দুর্বৃত্তরা। গত ৪ জানুয়ারী ইউনিয়নের পুর্ববড় ভেওলা মৌজা এলাকায় ঘটেছে দখলচেষ্ঠার এ ঘটনা।
এ ঘটনায় জমি মালিক পুর্ববড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদমনি এলাকার আবদু বাছুর ছেলে নুরুল আলম (৫৫) বাদি হয়ে চকরিয়া থানায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে আরো ১০/১২জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি এজাহার জমা দিয়েছেন।
এজাহারনামীয় বিবাদিরা হলেন ইউনিয়নের আনিছপাড়া গ্রামের আনোয়ারুল আজিম বাবুল, তাঁর ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, অপর ভাই বাদল, একই গ্রামের ফরিদ আলম, সিকান্দরপাড়া গ্রামের আলমগীর, চকরিয়া পৌরসভার আমানপাড়ার আজিজ ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের ঘাইট্টাচর এলাকার নবাব মিয়া। চকরিয়া থানার ওসি অভিযোগটি নিয়ে তদন্তের জন্য মাতামুহুরী পুলিশ ফাঁিড়র আইসিকে দায়িত্ব দিয়েছেন।
চকরিয়া থানার এজাহারে বাদি নুরুল আলম দাবি করেন, পুর্ববড় ভেওলা মৌজায় আরএস ১০৯,২৫৮,১১১৬ খতিয়ানের ২৭৫১ ও ২৭৬০ দাগ এবং বিএস ৬৪৮, ৬৪৭, ২৭, ৬৭৭ খতিয়ান ও বিএস ৭৫২১, ৭৫২০, ৭৫২২, ৭৮৩৪, ৫৮৯৮, ৫৮৯৭, ২৯৫ আন্দর দাগের ৫ দশমিক ৫৭ একর জমি পৈত্রিক ও ওয়ারিশসুত্রে তাঁরা মালিক। দীর্ঘবছর ধরে উল্লেখিত জমিতে বৈধভাবে তাঁরা ভোগদখলে থেকে চাষাবাদ করে আসছেন।
বাদি নুরুল আলম অভিযোগ করে বলেন, ওয়ারিশী ও পৈত্রিক জমিতে আগের ধারাবাহিকতায় এবছরও তিনি (নুরুল আলম) মরিচ চাষ করেছেন। ইতোমধ্যে জমিতে বিপুল পরিমাণ ফলনও হয়েছে। এই অবস্থায় সম্প্রতিসময়ে তাদের মরিচক্ষেতের ওই জমি দখলে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠে।
সর্বশেষ গত ৪ জানুয়ারী সকাল দশটার দিকে বাদি নুরুল আলম মরিচক্ষেত পরিচর্যা করতে গেলে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলে হামলা চালায় অভিযুক্তদের লেলিয়ে দেয়া একটি ভাড়াটে দুর্বৃত্তচক্র। ওইসময় বাদি ও তাঁর স্ত্রী ছেলে মেয়েরা জমিতে গিয়ে বাঁধা দিতে গেলে অভিযুক্তপক্ষের ভাড়াটে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে বাদি পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন।
বাদি এজাহারে আরও বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে ঘটনাস্থল থেকে অভিযুক্তপক্ষের ভাড়াটে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর থেকে গেল কয়েকদিন ধরে অভিযুক্তরা বাদির ওই জমিতে যে কোন উপায়ে দখলে নিবে বলে হুমকি ধমকি দিচ্ছে। এ অবস্থায় ভুক্তভোগী কৃষক নুরুল আলম তাঁর পৈত্রিক ও ওয়ারিশী ভোগদখলীয় সম্পত্তি রক্ষায় চকরিয়া থানা পুলিশের দ্বারস্ত হয়েছেন। #
