এম.জিয়াবুল হক : কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন, পুলিশ জনগনের বিপদের বন্ধু। আর বিপদের মুর্হুতে জনগনের পাশে দাঁড়ানো হচ্ছে পুলিশের কর্তব্য। তাই অর্পিত দায়িত্বপালনের মাধ্যমে সেই পুলিশীসেবা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ৩ মার্চ বিকালে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেছেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নের মধ্যদিয়ে জনগনের নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে। সেইজন্য আগামী সাতদিনের মধ্যে এই অঞ্চলের অস্ত্রবাজ সন্ত্রাসীদের তালিকা তৈরী করে আমাকে জমা দিন। পাশাপাশি এলাকার মাদক কারবারি গরু চোর চক্রের সদস্য এবং জুয়াড়ী চক্রের তালিকা করে তাদেরকে গ্রেফতার করুন। তিনি বলেন, আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অবশ্যই অস্ত্রবাজ মাদক কারবারি গরু চোর ও জুয়ারীদের গ্রেফতার করতে হবে। উদ্ধার করতে হবে অবৈধ আগ্নেয়াস্ত্র। তিনি এসময় প্রতিটি এলাকায় বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় স্পট থেকে বখাটে তথা ইভটিজারদের ধরতেও নির্দেশ দেন।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি স্লোগানে চকরিয়া থানা পুলিশ ও মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রে আয়োজনে পূর্ববড় ভেওলা ইউপি, বি.এম.চর ইউপি ও কোনাখালী ইউপি’র বিট পুলিশিং সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আবদুল জাব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, পূর্ববড়ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। এছাড়াও সমাবেশে পুলিশ সুপারের কাছে আইনী প্রতিকার এবং এলাকার সমস্যা সমাধানের আলোকে নানা বিষয়ে বক্তব্য দেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক. মসজিদের খতিব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউপি সদস্য ও শ্রেণী-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান আরও বলেন, কোন অবস্থাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক বেচাকেনা, জুয়া এবং জঙ্গিবাদের সাথে জড়িত থাকলে তিনি যতবড় প্রতাপশালী হোক তাকে রেহায় দেওয়া যাবেনা। একইসঙ্গে তিনি নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধকল্পে সচেতনতা তৈরীর পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতেও নির্দেশ দেন। তিনি বলেন, বাল্যবিয়ের কারণে সমাজে নারী নির্যাতনের প্রভাব পড়ছে। কারণ পরিবারের অমতে অল্পবয়সে পালিয়ে বিয়ে করতে গিয়ে অনেকে বাল্যবিয়ে করতে বাধ্য হচ্ছে। পরে দেখা গেছে, অসময়ে বিয়ের কারণে হয় ছেলে. না হয় মেয়ে সংসারের ঝামেলা সহজে নিতে পারছেনা। তাতে নির্যাতনের ঘটনা যেমন বাড়ছে, তেমনি বিয়ে ভেঙ্গে যাচ্ছে। আবার কোনপক্ষ দ্বিতীয় বিয়ের পিঁিড়তেও বসছে। এসব কারণে বাল্যবিয়ের সংসারে ভালোবাসা বেশিদিন স্থায়ী বা টেকসই হয়না।
সমাবেশে পুলিশ সুপার উপস্থিত জনগন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থী হচ্ছেন আগামীর দেশগড়ার কারিগর। সেইজন্য মোবাইলে ফেসবুক দেখা বাদ দিয়ে লেখাপড়ায় মনোযুগী হতে তিনি শিক্ষার্থীদের উপদেশ দেন। বলেন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়তে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে। পাশাপাশি সন্তানেরা ঠিকমতো লেখাপড়া করছে কীনা, বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে কীনা এবং কোন অনৈতিক কাজে জড়িত হচ্ছে কীনা সেটি দায়িত্বের সঙ্গে মনিটরিং করতে অভিভাবক ও উপস্থিত জনগনের কাছে আহবান জানান।##
