নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় নিহত একই পরিবারের পাঁচভাইয়ের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল ৩ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এমপি।
সোমবার ১৪ ফেব্রæয়ারী বিকালে পঙ্কজ দেবনাথ এমপির পক্ষে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গিয়ে নিহত পাঁচ ভাইয়ের পরিবার সদস্যদের কাছে সমবেদনা বার্তা পৌঁছে দিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ।
এসময় পঙ্কজ দেবনাথ এমপির পাঠানো মানবিক সহায়তা ও নগদ অর্থ নিহত পাঁচভাইয়ের মায়ের হাতে তুলে দেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট চকরিয়া পৌরসভা শাখার সভাপতি তরুন শীল, ডুলাহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ডা.উদয়ন শর্মা, খোকন সুশীল, দোলন ধর, নয়ন মহাজন বাপ্পী ও সুমন দেন। এছাড়াও সেখানে স্থানীয় পুজা কমিটির নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি সম্পাদক এবং এলাকাবাসি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রæয়ারী ভোরে প্রয়াত বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বনবিভাগের নার্সারী এলাকায় বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচ ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্বরণ সুশীল নিহত হন। একই দুর্ঘটনায় তাদের বোন হীরা সুশীল, অপর দুই ভাই রক্তিম সুশীল, প্লাবন সুশীল গুরুতর আহত হন। হতাহত সবার বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামে। তাঁরা ওই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারি স্বাস্থ্য পরিদর্শক প্রয়াত সরোজ সুশীলের ছেলে-মেয়ে। #
