চকরিয়ায় নির্মাণাধীন রেললাইনের সৃষ্ট গর্তের পানিতে ডুবে দুইভাইয়ের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় নির্মাণাধীন রেললাইন নির্মাণ কাজে সৃষ্ঠ একটি ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের রওশন আলী সিকদারপাড়ায় এলাকায় ঘটেছে হৃদয় বিদারক এ ঘটনা। পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলেন স্থানীয় রওশন আলী সিকদারপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে ইমাম হোসেন (৬) ও মো. মানিকের ছেলে আবদুর রহমান (৮)। দুই শিশু সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল।

পরিবার সদস্যদের বরাত দিয়ে চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বলেন, গতকাল দুপুরের দিকে দুই শিশু পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশ্ববর্তী নির্মাণাধীন রেললাইনের জন্য মাটি উত্তোলনের পর সৃষ্ঠ একটি ডোবার (গর্ত) পানিতে খেলতে নামে।

তিনি বলেন, ডোবাটি তুলনামুলক গভীর এবং তলদেশ নরম হওয়ায় মুর্হুতে দুই শিশু পানিতে ডুবে যায়। ঘটনার পর পরিবার সদস্যরা দুই শিশুকে না পেয়ে আশপাশে ব্যাপক খুজাখুজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে আত্বীয় স্বজনরা চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নির্মাণাধীন রেললাইনের গর্তের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছি। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল বিকাল পাঁচটায় বাদে আছর নামাজে জানাযা শেষে দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ##