চকরিয়ায় তিন সন্তানের জননীর আত্মহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় খুটাখালী এলাকায় গলায় ফাঁস দিয়ে তানজিনা আকতার (২৭) নামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাতে খুটাখালী ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ঘটে এ ঘটনা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহতের নাম তানজিনা ওই গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে রাগ করে তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসীর ধারণা।

ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. সেলিম উল্লাহ বলেন, ছয় মাস আগে মহেশখালী উপজেলার ধলঘাটা থেকে সপরিবারে এসে কোনাপাড়ায় বসতি গাড়েন আব্দুল আলীম।

তার ছোটবোন দীর্ঘ দিন ধরে অসুস্থ হলে থাকায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে ছোটবোনের চিকিৎসার খরচ নিয়ে বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

মঙ্গলবার সকালে সন্তানরা তাদের মাকে ঝুলন্ত দেখতে পেয়ে কান্নাকাটি করতে থাকলে পার্শ্ববর্তী এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে চকরিয়া থানার এসআই গবিন্দ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরির পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

রিপোর্ট হাতে পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।