চকরিয়ায় টিআইবি-সনাকের উদ্যোগে হাসপাতাল বিভাগের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : সচেতন নাগরিক কমিটি-সনাক, টিআইবি, চকরিয়ার উদ্যোগে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ ও করোনা পরবর্তী সংকট মোকাবেলায় ”স্বাস্থ্যসেবা খাতে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক” ভার্চুয়াল মতবিনিময় সভা অনলাইন জুম ক্লাউডে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: মাহবুবুর রহমান, সিভিল সার্জন, কক্সবাজার এবং সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি-সনাক, টিআইবি, চকরিয়ার সভাপতি বুলবুল জান্নাত শাহিন।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, টিআইবি-সনাক চকরিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ভার্চুয়াল মতবিনিময় সভা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। কারণ সুশিল সমাজ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা ছাড়া জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর বিদ্যমান সমস্যা সমাধান করা একেবারেই সম্ভব নয়। তিনি টিআইবি কর্তৃক উপস্থাপিত চকরিয়া উপজেলা হাসপাতালের কার্যক্রমের উপর পর্যবেক্ষণ প্রতিবেদনের উপর গুরুত্বারোপ করে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, টিআইবি তাদের পর্যবেক্ষনের মাধ্যমে হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরেছে। জনবল সংকট একটি চরম সমস্যা যা অনেক বছরের পুরনো।
নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার কারনে হাসপাতালে জনবল সমস্যার বিশেষ করে সাপোর্ট সার্ভিসের জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা এ ব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে আসছি। আশা করি দ্রæতই জনবল সংকট সমস্যার সমাধান হবে। এছাড়াও টিআইবি কর্তৃক পর্যবেক্ষণ প্রতিবেদনের উল্লেখিত অন্যান্য সকল সমস্যার সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসা খুবই জরুরি।
টিআইবি চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর এর সঞ্চালনায় হাসপাতাল পর্যবেক্ষণের আলোকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইতিবাচক দিক ও বিদ্যমান সমস্যা/সীমাবদ্ধতা উপস্থাপন পূর্বক করোনাকালীন স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিতকরণে করণীয় শীর্ষক বক্তব্য প্রদান করেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন। তাঁর প্রতিবেদনে হাসপাতালের বিভিন্ন ইতিবাচক দিক এবং সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি এগুলো সমাধানকল্পে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদুল হক হাসপাতালের সেবার মান উন্নয়নে চলমান বিভিন্ন কার্যক্রম ও বিদ্যমান সমস্যাগুলো বর্ণনা করেন। তিনি বলেন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জনবল নিয়ে চকরিয়া উপজেলা হাসপাতাল প্রতিদিন গড়ে ১১৫ থেকে ১২০ জন রোগীর (ভর্তিকৃত) সেবা প্রদান করে আসছে। এছাড়া আউটডোরে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ হাজার রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন যা লক্ষ্যমাত্রার অনেক বেশী। তারপরেও হাসপাতালে যথেষ্ট সমস্যা রয়েছে যেগুলো সমাধানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সনাক-টিআইবি চকরিয়াকে এ ধরনের একটি মতবিনিময় সভা আয়োজনপূর্বক হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠিত ভার্চুয়াল মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমদ ফয়সাল, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক এম. জাহেদ চৌধুরী, দৈনিক যায়যায়দিন এর চকরিয়া প্রতিনিধি মঞ্জুর আলম এবং সনাক সদস্য সন্তোষ কুমার সুশীলসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ। সভায় বক্তারা হাসপাতালের বিদ্যান সমস্যাগুলো সমাধানকল্পে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার নেতৃবৃন্দেও সহায়তা কামনা করেন। এছাড়াও সকলের মহায়তায় অনতিবিলম্বে চকরিয়া হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের জনবল সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী প্রেরণের আহবান জানানো হয়।##