এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর। ওইসময় গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কূপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নস্থ পূর্ব বৃন্দাবন খিল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপর আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৭০), তার ছেলে কলিম উল্লাহ (২১), মুক্তিযোদ্ধার শ্যালিকা নামিয়া বেগম (৪০)।
হামলা ও তা-বের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। আটকৃতরা হলেন, একই এলাকার আলী হোসেনের ছেলে জিয়া রহমান প্রকাশ কালু, তার বোন সজরু বেগম, খতরু ও ভাই দেলোয়ার হোসেন এবং একই এলাকার ওলামিয়ার ছেলে রিয়াজ উদ্দিন।
অবশ্য হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা আবদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ৬জনকে আসামী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ পূর্ব বিন্দাবান খিল এলাকার মৃত আবদুল বারেকের ছেলে বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান তার দখলীয় জায়গায় বসতঘর নির্মাণ করে শান্তিপূর্বভাবে ভোগদখল করে আসছে।
কিন্তু দুর্লোভের বশবর্তী হয়ে মঙ্গলবার সকালে স্থানীয় আলী হোসেনের ছেলে জিয়া রহমান কালু ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধার বসত ভিটার সীমানা অতিক্রম করে জায়গা দখলের চেষ্টা চালায়।
এতে মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবার সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করা হয়। ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদকে ঘটনার খবর পেয়ে হারবাং পুলিশের এসআই মানিক কুমারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ জনকে আটক করে।
চকরিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আশরাফ হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে। এ ব্যাপারে একটি লিখিত এজাহার দেয়া হয়। মামলা রজু হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।##
