চকরিয়ায় এনজিও থেকে ঋণ পাইয়ে না দেয়ায় প্রতিবেশি যুবকের নিষ্ঠুর নৃসংশতা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

৬০ বছরের বৃদ্ধা নারীর বুকে-পিঠে উপর্যপুরি ছুরিকাঘাত

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া পৌরসভার সোসাইটি পাড়া এলাকায় প্রতিবেশি যুবক রেজাউল করিমকে পুনরায় এনজিও সংস্থা থেকে ঋণের টাকা পাইয়ে না দেয়ায় নৃসংশতা চালানো হয়েছে ৬০ বছর বয়সের বৃদ্ধা নারী নমিয়া খাতুনের উপর। তাকে বেদড়ক পিটিয়ে ক্ষান্ত হয়নি অভিযুক্ত দুর্বৃত্ত। ঘটনার একপর্যায়ে তার বুকে-পিটে চালানো হয়েছে উপর্যপুরি ছুরিকাঘাত। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোসাইটি পাড়া গ্রামে ঘটেছে এই নৃসংশ ঘটনা। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রথমে তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত নমিয়া খাতুন (৬০) চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোসাইটি পাড়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী।
আহত নারীর বড় ভাই মাহবুবুর রহমান জানান, তাঁর ছোট বোন নমিয়া খাতুনকে দিয়ে হাসপাতাল সড়কের জিয়া কুলিং কর্ণারের মালিক জিয়াবুল করিম ও তার ছোট ভাই রেজাউল করিম এনজিও সংস্থা থেকে ঋণ নেন। কিন্তু সেই টাকা পরিশোধ করতে গিয়ে অনেক হয়রানির শিকার হন নমিয়া খাতুন। এর পরেও সংস্থা থেকে নেওয়া টাকা কষ্টেসৃষ্টে পরিশোধ করেন নমিয়া। তবে নতুন করে রেজাউলকে টাকা নিয়ে দেওয়ার জন্য চাপ দিলেও নমিয়া এবার তাকে টাকা তুলে দিতে অনীহা দেখান। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রেজাউল ও তার ভাইয়েরা মিলে নমিয়ার ওপর নৃসংশতা চালান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এনজিও সংস্থা থেকে ঋণের টাকা পাইয়ে না দেয়ায় পৌরসভার সোসাইটি পাড়ায় বৃদ্ধা নারীর ওপর নৃসংশতা চালানোর বিষয়টি রাতেই পরিবার সদস্যরা অবগত করেছেন। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#