এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে উপকুলীয় অঞ্চলের রইসা খাতুন হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকাস্থ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কোনাখালী ইউনিয়নের বাংলা বাজার এলাকার কালু মিয়ার ছেলে আমির হোসেন প্রকাশ দুদু (৩৪) ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে আলা উদ্দিন (৩৬)।
অভিযানে নেতৃত্ব দেয়া যাওয়া চকরিয়া থানার এসআই অপু বড়ুয়া বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই এলাকার রইসা খাতুন হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজন হত্যা মামলার এজাহারনামীয় দ্বিতীয় ও তৃতীয় আসামী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, থানা পুলিশের একটি দল গোপন সংবাদে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল বিকালে তাদেরকে আদালত মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ##
