চকরিয়ায় ইউপি সচিব-গ্রামপুলিশকে মারধর ; অবশেষে মেম্বার বরখাস্ত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের তৎকালীণ সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশ সদস্যদেরকে শাররীকভাবে মারধরের ঘটনায় একই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য রমজান আলী বরখাস্ত হয়েছে। গত ২৮ জুলাই স্থানীয় সরকার ও পল­ী উন্নয়ন সমবায় মন্ত্রানালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য রমজান আলীকে ইউপি আইন ২০০৯ ধারা ৩৪(১) অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রমজান আলী ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য।
গতকাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মামলার বাদি ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের তৎকালীণ সচিব (বর্তমানে পশ্চিম বড় ভেওলা ইউপি সচিব) হুমায়ুন কবির। তিনি বলেন, একটি তুচ্ছ বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের অফিস চলাকালীন সময়ে মেম্বার রমজান আলী দলবল নিয়ে পরিষদের সচিবকক্ষে ঢুকে আমার উপর হামলা চালায়। ওইসময় আমাকে শাররীকভাবে মারধর এবং পরিষদের গ্রাম পুলিশ সদস্যকেও মারধর করে। এ ঘটনায় আমি চকরিয়া থানায় মামলা করি।
তিনি বলেন, ওই মামলায় আদালত অভিযুক্ত মেম্বার রমজান আলীকে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে সংগঠিত ঘটনার বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তদন্ত প্রতিবেদন কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।
ওই তদন্ত প্রতিবেদনের আলোকে সর্বশেষ গত ২৮ জুলাই স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য রমজান আলীকে ইউপি আইন ২০০৯ ধারা ৩৪(১) অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।##