নিজস্ব প্রতিবেদক : ভিটে দখলে বাঁধা দেয়ায় বৃদ্ধা মা ও ভাইকে পিটিয়ে জখমের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছাড়াও উল্টো মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে হয়রানী করছে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডস্থ পূর্ব কোনাখালী সিকদার পাড়ায় সংগঠিত ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৩মে) বিকাল ৩টায় চকরিয়া পৌরসভার বিজয় মঞ্চ সংলগ্ন বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা নূর আহমদের ছেলে মনজুর আলম ও মেয়ে ফরিদা ইয়াছমিন।
লিখিত বক্তব্যে ফরিদা ইয়াছমিন দাবী করেন, বাড়ির সীমানা বিরোধ নিয়ে বিচার চলমান রয়েছে। এই অবস্থায় গত ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে জাহেদ উদ্দিন ও বদরুন্নাহার কলির নেতৃত্বে ১৭-১৮ জন ব্যক্তি ভিটে দখল করতে যায়। ওই সময় বাঁধা দেয়ায় বৃদ্ধা মা লায়লা বেগম ও দুই ভাইকে পিটিয়ে জখম করে ও হত্যা চেষ্টা চালায় তারা। এই ঘটনায় আমি ফরিদা ইয়াছমিন বাদী হয়ে অজ্ঞাতসহ ১৮ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত মামলা দায়ের করি। হামলাকারীরা অপপ্রচার চালানোয় মনজুর আলম বাদী হয়ে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন।
ইত্যবসরে হামলার শিকারদের হয়রানীর উদ্দেশ্যে হামলায় নেতৃত্ব দেয়া জাহেদ উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন বলে তিনি দাবী করেন।
সংবাদ সম্মেলনে ভাইবোন ফরিদা ইয়াছমিন ও মনজুর আলম অভিন্ন বক্তব্যে দাবী করেন, ঘটনা ও হামলার ব্যাপারে প্রশাসন নিরপেক্ষ তদন্তপূর্বক সুষ্টু বিচার করলে আমরা নিরীহরা হয়রানী থেকে মুক্তি পাব। ##
