এম জিয়াবুল হক :-চকরিয়া উপজেলার বদরখালীতে বিলে বসানো জাল চুরির ঘটনায় প্রতিবাদ করার জেরে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় আবদুর রশিদ (১৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই তজুমউদ্দিন (২৫)। গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে বদরখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়ার সাইফুল ইসলামের বাড়িতে ঘটেছে এ ঘটনা। নিহত মো. আবদুর রশিদকে ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদকে মৃত্যু ঘোষণা করেন। এসময় গুরুতর আহত তজুমদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানান, বাড়ির পাশে বিলে মাছ ধরতে একটি জাল বসায় সাইফুল ইসলামের ছেলে তজুমদ্দিন। সোমবার রাতে বসানো জালটি চুরি করে নিয়ে যায় একই এলাকার জাফর আহমদ এর ছেলে
জুনাইদ হোসেন ওরফে সায়েম। এ ঘটনা নিয়ে রাতে সায়েম এর সঙ্গে কথা কাটাকাটি হয় আবদুর রশিদের।
এলাকাবাসী ও নিহতের পরিবার সদস্যরা জানিয়েছেন, জাল চুরির ঘটনায় প্রতিবাদ করার জেরধরে গতকাল মঙ্গলবার বিকালে খুনি সায়েম কৌশলে বাড়িতে এসে ঘুমন্ত যুবক আবদুর রশিদকে ঢেকে তুলে। এসময় বাড়ির দরজা খোলার মুহুর্তে আবদুর রশিদকে সামনাসামনি ছুরিকাঘাত করে ঘাতক সায়েম। ওইসময় তাঁর শোর চিৎকার শুনে বড় ভাই তজুম উদ্দিন বাদশা এগিয়ে এলে তাঁকেও বুকে ছুরিকাঘাত করে ঘাতক সায়েম পালিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছেন, কিছুদিন আগেও বদরখালী খালকাঁচা পাড়া এলাকায় অভিযুক্ত খুনি সায়েম দিনেদুপুরে এক এনজিও কর্মীকে ছুরি মেরে টাকা ছিনিয়ে নেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত খুনীকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।