চকরিয়ায় ভেজাল ঘি তৈরির কারখানায় দুই লাখ টাকা জরিমানা ; নিষিদ্ধ বিপুল পরিমাণ উপকরণ ধ্বং-স

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রাহাত উজ জামান র‍্যাব ১৫’- এর একটি টিমের সহায়তায় ফাসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে বাগাবাড়ি ঘি কোম্পানির মোড়ক পাল্টিয়ে ভেজাল ঘি তৈরির বিপুল উপকরণ জব্দ ও ঘটনায় জড়িত কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করে আদালত। অভিযুক্ত ভেজাল ঘি তৈরির কারখানা মালিক মোহাম্মদ নুরুল কাদের কাজল স্থানীয় রাজারবিল এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামান। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকায় ভেজাল ঘি ও অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদনের একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ এমন রাসায়নিক পদার্থ, ডালডা, পাম অয়েল, গাছেরগুড়ি সদৃশ বস্তু ইত্যাদি সামগ্রী দিয়ে ভেজাল ঘি, চা পাতা ও অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদনরত অবস্থায় জব্দ করা হয়।

তিনি বলেন, অভিযানের পর ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত আনুমানিক ৫মণ ভেজাল ঘি ও ৩ মণ নকল চাপাতা জব্দ করে ধ্বংস করা হয়। ঘটনাস্থলে বাঘাবাড়ি ঘি, পাবনার নকল কৌটা ও ফ্রেশ চা পাতার নকল প্যাকেট পাওয়া যায়। অভিযানকালে ভেজাল ও নকল পণ্য উৎপাদনের অপরাধ স্বীকার করায় অভিযুক্ত কারখানা মালিক মোহাম্মদ নুরুল কাদের কাজলকে দুই লাখ টাকা টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে র‍্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। ##