নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার চিংড়িজোন থেকে কফিল উদ্দিন (৫৬) নামে এক মৎস্যঘের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উপকূলীয় অঞ্চলের চিংড়িজোনের চিলখালী এলাকার নিজের চিংড়ী ঘেরের মাছ ধরার পলবোটের জালে আটকা অবস্থায় উদ্ধার করা হয় ওই মরদেহ।
শুক্রবার (৪ আগষ্ট) রাত ১১ টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন চকরিয়া থানা পুলিশকে খবর দেয়। রাত আনুমানিক বারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত কফিল উদ্দিন উদ্দিন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ পুকুরিয়া পাড়ার রফিক উদ্দিনের ছেলে। তিনি ওই চিংড়ী ঘেরের মালিক বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে কপিল তার চিংড়িঘেরে যায় পলবোট মেরামত করতে।
রাত পৌনে ১২ টার দিকে হঠাৎ ফেসবুকে দেখি তার মরদেহ পাওয়া গেছে। সে কিভাবে মারা গেছে এখনো জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স পাঠাই। রাত ১২ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন,প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গতকাল শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
