ঘুষের টাকা না পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী আবদুর রশিদ ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসানকে মাথায় ও চোখে আঘাত করে গুরুতর আহত করেছেন।
চাঞ্চল্যকর এ ঘটনাটি অফিস চলাকালে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘটেছে। এ ঘটনায় পুলিশ অফিস সহকারী আবদুর রশিদকে গ্রেফতার করেছে।
আহত প্রধান শিক্ষক রাশিদুল হাসান বলেন, ‘উপজেলার নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন অসুস্থ থাকায় তার হয়ে আমি তার অর্জিত ছুটির বিষয় নিয়ে শিক্ষা অফিসের সহকারী আবদুর রশিদের কাছে যাই।’
‘এ সময় তিনি আমার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। আমি এ ঘুষের টাকা দিতে অস্বীকার করলে তিনি প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি টেবিলে রাখা বড় একটি স্ট্যাপ্লার দিয়ে আমার মাথা ও দুই চোখে আঘাত করেন এবং আমাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেন’ বলেন ওই প্রধান শিক্ষক।
তিনি বলেন, ‘এ সময় আমার চিৎকারে অফিসের অন্যরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’
আহত প্রধান শিক্ষক রাশিদুল হাসান শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুই চোখই আঘাত লেগেছে। বাম চোখটির অবস্থা বেশি খারাপ।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা জানান, ঘটনার সময় তিনি জরুরি কাজে ডিসি অফিসে ছিলেন। পরে ঘটনাটি শুনেছেন।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, মামলা করার পরই আসামি আবদুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।
