গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের অর্ধদিবস হরতাল চলছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। সকাল ৬টা থেকেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় অবস্থান নেয়। এ সময় তাদের গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে ও পিকেটিং করতে দেখা গেছে। এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি ও গণফোরাম।

তবে এই হরতালের কোনো প্রভাবই পড়েনি রাজধানীতে। অন্যান্য দিনের মতোই রাস্তায় চলছে যানবাহন ও সাধারণ মানুষ। হরতালের সমর্থনে এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালে সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ানবাজার ও শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন। ফলে এই এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সাধারণ মানুষ পায়ে হেঁটে শাহবাগ মোড় পার হচ্ছে। এছাড়া মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মিছিল করেছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর পল্টনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল

রাজধানীর পল্টনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল

এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পল্টনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। মিছিল থেকে দাবি করা হয়, হরতাল পালনের সময় খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মিছিলে পুলিশ হামলা চালিয়েছে ও গ্রেফতার করেছে। মিছিলে বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। পুলিশ দিয়ে হামলা করে হরতাল ঠেকানো যাবে না।’ মিছিলে অংশ নেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহুল হোসেন প্রিন্সসহ অসংখ্য নেতাকর্মী। এসময় পল্টনে সড়কে পাইপ বিছিয়ে দিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি করা হয়।

এসময় পুলিশকে জলকামান,প্রিজন ভ্যান নিয়ে পল্টন মোড়ে অবস্থান করতে দেখা যায়।

এর আগে গতকাল সকালে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা করে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা । পদযাত্রা শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহনব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে। বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও বাড়বে।

সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব থেকে সদরঘাট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।