টেকনাফ টুডে ডেস্ক : কৃষ্ণ সাগরে বড় সামরিক মহড়া শুরু করেছে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। এ নিয়ে ঘোর আপত্তি তুলেছে রাশিয়া। সোমবার শুরু হওয়া এই মহড়ায় যোগ দিয়েছে ৩০টিরও বেশি দেশ। এটি চলবে আগামি দুই সপ্তাহ ধরে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, কৃষ্ণসাগরে কদিন আগেই বৃটিশ ডেস্ট্রয়ার প্রবেশের পর যুদ্ধাবস্থা সৃষ্টি করেছিল রাশিয়া। এখনো এ সাগরে উত্তেজনা রয়ে গেছে। এরইমধ্যে এই বড় পরিসরের এই মহড়ায় উত্তেজনা আরও বাড়বে। গত ২৩শে জুন কৃষ্ণসাগরে বৃটিশ ওই ডেস্ট্রয়ারকে টার্গেট করে গোলা ও বিমান থেকে হামলা চালিয়েছিল রাশিয়া।
দেশটির বৃটেনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনে।
সংকটের শুরু হয় ২০১৪ সালে। সে বছর রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। তখন থেকেই ক্রিমিয়া উপকূলের চারপাশের জলসীমাকে রাশিয়া তাদের আওতাধীন মনে করে। তবে এর পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। পশ্চিমা দেশগুলো এই উপদ্বীপকে ইউক্রেনের অংশ হিসাবেই দেখে। এ নিয়ে রাশিয়ার সঙ্গে দেশগুলোর উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যেই যুক্তরাষ্ট্র কৃষ্ণসাগরে এই সামরিক হড়ার পরিকল্পনা করার পর গত সপ্তাহে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস থেকে ফোন করে তা বাতিলের আহ্বান জানানো হয়েছিল। তাছাড়া, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ও হুঁশিয়ার করে বলেছে, মহড়া চললে তারা তাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রয়োজনে প্রতিক্রিয়া দেখাবে।
