টেকনাফ টুডে ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। শহরটির চারপাশ দিয়ে তারা একযোগে সেখানে প্রবেশ করছে। আজ রোববার এমন খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান যোদ্ধারা।
রয়টার্স, বিবিসি ও আলজাজিরাসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখলে নেয় তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম এই শহরটি রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত।
এর আগে শনিবার চতুর্থ বৃহত্তম আফগান শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তালেবান। এরপর রোববার দুপুরের দিকে রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করে গোষ্ঠীটির যোদ্ধারা। আফগানিস্তানের বড় শহরগুলোর মধ্যে একমাত্র কাবুলই তালেবানের দখলে যেতে বাকি ছিল।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শহরের সব দিক থেকে রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে তালেবান যোদ্ধারা।
এছাড়া কাতারের রাজধানী দোহায় অবস্থান করা তালেবানের একজন শীর্ষস্থানীয় নেতা বিষয়টি নিশ্চিত করে আলজাজিরাকে জানিয়েছেন, তালেবান যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে এবং বিদ্যমান পরিস্থিতিতে যারা কাবুলের বাইরে চলে যেতে চায়, তাদেরকে সেই সুযোগ করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নারীদেরকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানজুড়ে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে তালেবান। এই পরিস্থিতিতে দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে তালেবান যোদ্ধারা।
মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই সেখানে আধিপত্য বিস্তার শুরু করে তালেবান। খুব অল্প সময়ের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে নেয় তারা। এখন শুধু কাবুলের পতন ঘটলেই তালেবানের জয় নিশ্চিত হতে যাচ্ছে আফগানিস্তানে।
