কর্নেল আসিমি গোইতামালির নতুন অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কর্নেল আসিমি গোইতাকে পশ্চিম আফ্রিকার দেশ মালির নতুন অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে এ ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

এর আগে গত সপ্তাহে সংঘটিত সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন ৩৮ বছর বয়সী গোইতা। এ নিয়ে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান ঘটান তরুণ এ কর্নেল।

আদালতের ঘোষণায় বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গোইতা নেতৃত্ব দেবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।’

তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদাও-এর পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদালতের ঘোষণায় বলা হয়। কর্নেল গোইতা এর আগে সাবেক প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বছরের আগস্টে গোইতার নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মালির নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে ব্যর্থতার অভিযোগ ছিল। সফল ওই অভ্যুত্থানের পর গোইতা ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছিলেন এবং তার সহযোদ্ধা সৈনিকদের মাঝেও কেবিনেটের বিভিন্ন পদ বণ্টন করে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট আসসিমি গোইতার নেতৃত্বে সেনা সদস্যরা মালির প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের দুদিন পর বুধবার তারা পদত্যাগ করেন।