: কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজে মাটি খনন করতে গিয়ে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত অবিস্ফোরিত বোমা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় কক্সবাজার বিমানবন্দরে সম্প্রসারন কাজে মাটি খননের সময় শ্রমিকরা বোমা সদৃশ এ বস্তুটি পান। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার সাধন কুমার জানান, বিমানবন্দরের দক্ষিণ পাশে রাতে মাটি খোড়াখুড়ির কাজ করছিল শ্রমিকরা।
এসময় মাটির নিচে বোমা সাদৃশ একটি বস্তু পাওয়া যায়। এটির দৈর্ঘ্য প্রায় ১ ফিটের মতো আর ব্যস ১৬ ইঞ্চি। বস্তুটি পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় গোয়েন্দা বিভাগ এবং সেনাবাহিনীকে খবর দেয়া হয়।
কক্সবাজারের পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত বোমা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে।
