কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারে সাগরে গোসল করার পর অসুস্থ হয়ে পড়া একজন পর্যটকের হাসপাতালে মৃত্যু ঘটেছে। এস এম মাহাবুবুজ্জামান (৪১) নামে উক্ত পর্যটক ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের মোঃ বদিউজ্জামানের ছেলে। আজ শনিবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া পর্যটক আরো দুই বন্ধুসহ শুক্রবার কক্সবাজার ভ্রমণে এসে কলাতলী এলাকায় সী ক্রাউন নামে একটি হোটেলে উঠেন। আজ বেলা আড়াইটার দিকে সাগরে গোসল করে এসে রুমে গরম পানি দিয়ে আবার গোসল করার পর শরীর খারাপ লাগছে বললে সবাই তাকে নিয়ে “কক্সবাজার ইউনিয়ন” হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে বিকালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে মোঃ মার্শাল নামে পর্যটকের ছোট ভাই খবর পেয়ে সন্ধায় কক্সবাজারে পৌঁছে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেছেন।
মৃতের সাথে থাকা বন্ধু মোঃ হাসানুল বারি মুঠোফোনে জানান, তারা বন্ধুর মৃত্যুর বিষয়টি নিয়ে কক্সবাজার সদর থানায় রয়েছেন।
