কক্সবাজারে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল…সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার জেলা সদর হাসপাতাল আয়োজিত ডাঃ বি এন পাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, কোভিড ১৯ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধনী গরীব নির্বিশেষ সকলকে বিনামূল্যে টিকা দেয়ার ব্যবস্থা করেছে। এ ছাড়া কক্সবাজারে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল। শীঘ্রই এর কাজ শুরু করা হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যবিভাগের অতিরিক্ত সচিব শামশুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড, হাসান শাহিরায়ার কবির, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা, অনুপম বড়ুয়া, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় স্বাস্থ্যবিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা,জেলা সদর হাসপাতালের চিকিৎসক,নার্স,আন্তর্জাতিক দাতা সংস্থা,এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা সদর হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া।