কক্সবাজারের পেকুয়ায় পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় একটি পোল্ট্রিফার্মে বিদ্যুৎ স্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৩জুন) রাত ৯ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বটতলীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। পোল্ট্রিফার্মটির মালিক স্থানীয় খামারি সাজ্জাদ উদ্দিন। তাঁর পোল্ট্রিফার্ম পাশে একটি মাছের ও গরুর খামার রয়েছে। নিহত দু’জন হলেন, উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (১৩) ও একই ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়ার বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. তোহা (১৪)। নিহত কিশোর তোহা মাছের ঘেরের কর্মচারী ও শহিদুল মুরগীর খামারের কর্মচারী ছিলেন।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হক সাদ্দাম বলেন, রাতে মাছের ঘেরের কর্মচারী মো. তোহা তার সহকর্মী শহিদুল ইসলামকে সাথে নিয়ে ঘেরের উত্তর পাড়ে বাতি লাগাতে যায়। বাতির খুটির নীচে পড়ে থাকা তারে যুক্ত একটি লোহার রডে কর্মচারী তোহা বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তখন তার সাথে থাকা অপর কর্মচারী শহিদুল তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঘন্টাখানেক পরে ঘেরের অন্য কর্মচারীরা তাঁদের খুঁজতে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তাঁদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনিপদক্ষেপ নেয়া হবে।